Saturday, February 14, 2026
HomeUncategorizedসঞ্চয়পত্রের অর্থ আত্মসাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

সঞ্চয়পত্রের অর্থ আত্মসাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১


সঞ্চয়পত্রের সার্ভার থেকে গ্রাহকের তথ্য জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।


এ মামলায় মতিঝিল এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চারজনকে আসামি করে মামলা করা হয়। এর মধ্যে আরিফুর রহমানকে আমরা দুপুরে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করি। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন।”


মামলায় বাদী হয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবুল খায়ের মো. খালিদ।


মামলার বাকি তিন আসামি হলেন, মারুফ এলাহী রনি, মহিউদ্দিন আহমেদ ও আল আমিন। এর মধ্যে মারুফ এলাহী রনি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ–সভাপতি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।


মামলা এজাহারে বলা হয়, গত ২৭ অক্টোবর সঞ্চয়পত্রের ক্রেতা এসএম রেজভী আয়কর রিটার্ন পূরণ করতে গিয়ে দেখেন, গত ১৩ অক্টোবর কেনা তার ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র নগদায়ন দেখানো হচ্ছে। অথচ তিনি নগদায়নের কোনো আবেদনই করেননি।


মামলায় বলা হয়, গত ২৩ অক্টোবর সঞ্চয়পত্র নগদায়ন করা হয়। তবে শাখায় নগদায়নের কোনো আবেদন পাওয়া যায়নি। পরে জানা যায়, আসামিরা প্রথমে ২২ অক্টোবর সার্ভারে গ্রাহক হিসেবে এসএম রেজভীর দেওয়া মোবাইল নম্বর পরিবর্তন করে, এরপর ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তন করা হয়। গ্রাহক এস এম রেজভীর দেওয়া ব্যাংক হিসাবের পরিবর্তে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের দিনাজপুরের রানীগঞ্জ উপশাখায় আরিফুর রহমানের তথ্য দেওয়া হয়। আরিফুর রহমানের সেই ব্যাংক হিসাবে গত ২৬ অক্টোবর সঞ্চয়পত্র নগদায়ন করা হয়।


এজাহারে বলা হয়, একই প্রক্রিয়ায় আরও দুই গ্রাহকের সঞ্চয়পত্রের টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন আসামিরা। এর মধ্যে ডাচ্–বাংলা ব্যাংকের কারওয়ান বাজার শাখার একটি হিসাবে গত ২৭ অক্টোবর দুইটি সঞ্চয়পত্রের বিপরীতে ৫০ লাখ টাকা নগদায়ন হয়।


ডাচ বাংলা ব্যাংকের এই হিসাবটি মারুফ এলাহি রনির। তবে শেষ পর্যন্ত এই টাকা তারা তুলতে পারেনি।

সঞ্চয়পত্রের অর্থ আত্মসাৎ: তদন্তে কমিটি গঠন অর্থ মন্ত্রণালয়ের



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments